আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ভোটকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীরা টানা কয়েক দিনের ছুটি পাওয়ার সুযোগ পাচ্ছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন উপলক্ষে ওই দিন বৃহস্পতিবার সাধারণ ছুটি থাকবে।
এর পরের দিন শুক্রবার এবং শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা তিন দিনের ছুটি ভোগ করবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণ ছুটির কারণে অনেক বেসরকারি অফিসও বন্ধ থাকতে পারে। ভোটের দিন যেন সব নাগরিক নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এদিকে ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরকারি কর্মচারীদের জন্য রয়েছে আরেকটি ছুটির সম্ভাবনা। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, শবে বরাত আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) পালিত হতে পারে। তবে এটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
শবে বরাত যদি ৪ ফেব্রুয়ারি পালিত হয়, সে ক্ষেত্রে ওই দিনের পরদিন বৃহস্পতিবার ছুটি নেওয়া সম্ভব হলে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।
অন্যদিকে, চাঁদের হিসাব অনুযায়ী শবে বরাত যদি ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়, তাহলে সেদিন সরকারি ছুটি থাকবে। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সে ক্ষেত্রে টানা তিন দিনের ছুটি মিলতে পারে।
সব মিলিয়ে নির্বাচন ও ধর্মীয় ছুটিকে কেন্দ্র করে ফেব্রুয়ারি মাসে সরকারি কর্মচারীদের জন্য একাধিক দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে