শীতের তীব্রতা কমার আগেই নতুন করে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এতে এসব অঞ্চলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।
সোমবার (১২ জানুয়ারি) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে বলা হয়, বর্তমানে দেশের আট জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আপাতত এই শৈত্যপ্রবাহ প্রশমনের কোনো স্পষ্ট ইঙ্গিত নেই।
আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে সারা দেশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যা আরও কয়েক দিন অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা সারা দেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার(১৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শৈত্যপ্রবাহের পাশাপাশি কুয়াশার প্রবণতাও অব্যাহত থাকবে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি আগামী পাঁচ দিনের শেষের দিকে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস।