ঢাকা-১২ আসনে আমজনতার দলের কেন্দ্রীয় সদস্যসচিব তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্রের সঙ্গে তিনি নির্বাচনী হলফনামাও জমা দিয়েছেন।
হলফনামা অনুযায়ী, তারেক রহমানকে দেশের অন্যতম ‘সবচেয়ে কম সম্পদশালী’ প্রার্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার নামে কোনো গাড়ি, বাড়ি, ফ্ল্যাট বা জমি নেই। ব্যবসা পেশার মাধ্যমে তিনি ১০ লাখ ৫৯ হাজার ১৪৩ টাকার সম্পদ দেখিয়েছেন। তবে হাতে নগদ অর্থ একটিও নেই।
ব্যবসার আয়ের হিসাব অনুযায়ী তার বার্ষিক আয় প্রায় সাড়ে ৪ লাখ টাকা। ব্যাংকে তারেকের নামে জমা রয়েছে মাত্র ৮ হাজার ৮৫৫ টাকা। শেয়ারবাজারে কোনো বিনিয়োগ নেই, এবং যানবাহন, সোনার আভরণ, বিমা বা উত্তরাধিকারের মাধ্যমে পাওয়া কোনো সম্পদও তার নেই।
হলফনামা থেকে আরও জানা গেছে, তারেক রহমানের কোনো ইলেকট্রনিক পণ্য নেই। কৃষি বা অকৃষি জমি নেই এবং তিনি কোনো ঋণও গ্রহণ করেননি। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে তিনি মাত্র ৫ হাজার টাকা কর পরিশোধ করেছেন।
ঢাকা-১২ আসনটি তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ান বাজার, হাতিরঝিল ও বিজয়নগর নিয়ে গঠিত, যা রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা হিসেবে বিবেচিত। এই আসন থেকেই সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছেন তারেক রহমান।
এমন পরিস্থিতিতে নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, সম্পদের দিক থেকে তারেক রহমানের প্রার্থীতা স্বচ্ছ ও সাধারণ জনগণের সঙ্গে সংবেদনশীলতার পরিচায়ক।