কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী গংগারহাট বিওপিতে নিজের রাইফেলের গুলিতে নাসিম উদ্দিন (২৩) নামে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নাসিম উদ্দিন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গংগারহাট বিওপি ক্যাম্পে কর্মরত ছিলেন। তার সিপাহী নম্বর ১১৪৬০৪। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশ্যে ইউনিফর্ম পরিধান করে নিজের অস্ত্র বুঝে নেন বিজিবি সদস্য নাসিম উদ্দিন। একপর্যায়ে ব্যারাকের পূর্বপাশে ক্যাম্পের বাউন্ডারির ভেতরে গিয়ে নিজের বুকে গুলি করেন তিনি।
গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ব্যারাকের বারান্দায় নিয়ে আসা হয়। সেখান থেকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।