আজকাল পাসপোর্ট, বিদেশে পড়াশোনা বা ভিসার আবেদন করতে গিয়ে দেখা যায়, জন্ম নিবন্ধন সনদ ইংরেজিতে না থাকলে সমস্যা হয়। কিন্তু চিন্তার কিছু নেই, এখন ঘরে বসেই অনলাইনে বাংলা জন্ম সনদকে ইংরেজিতে রূপান্তর করা সম্ভব। এজন্য ব্যবহার করতে হবে বাংলাদেশ সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন পোর্টাল bdris.gov.bd। ধাপে ধাপে প্রক্রিয়াটি নিচে দেওয়া হলো:
প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করুন। “জন্ম নিবন্ধন সংশোধন” অপশনটি নির্বাচন করে আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করুন। এরপর সেই অফিস নির্বাচন করুন যেখানে আপনার জন্ম নিবন্ধনটি হয়েছিল—এটি হতে পারে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন।
এরপর আপনার নাম, পিতামাতার নাম, ঠিকানা ইত্যাদি তথ্য নির্ভুলভাবে ইংরেজিতে লিখুন। ঠিকানাও ইংরেজিতে দিন এবং মোবাইল নম্বর ও পিতামাতার সঙ্গে সম্পর্ক (father/mother) উল্লেখ করতে হবে।
এরপর প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করুন। যেমন: জাতীয় পরিচয়পত্র (NID), মাধ্যমিক/উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এবং পুরানো জন্ম নিবন্ধন সনদ। আপলোডকৃত প্রতিটি ফাইল ৯৭৬ কেবির বেশি হতে পারবে না।
সব তথ্য ও কাগজপত্র আপলোডের পর ১০০ টাকার সরকারি ফি দিতে হবে। এটি নগদ, বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া সম্ভব। সব শেষ হলে “আবেদন জমা দিন” বাটনে ক্লিক করুন। সফলভাবে জমা দিলে একটি রেফারেন্স নম্বর পাওয়া যাবে, যা ভবিষ্যতে প্রয়োজন হতে পারে—অবশ্যই এটি সংরক্ষণ করুন।
শেষ ধাপে আবেদনটি প্রিন্ট করে স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে নির্ধারিত তারিখে জমা দিন। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট, মাধ্যমিক/উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এবং পুরানো জন্ম নিবন্ধন সনদ।