চলতি বছরে পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সে অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি–এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী ১৮ মার্চ (বুধবার) আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই। ফলে পরদিন থেকেই নতুন মাস শুরু হওয়ার সম্ভাবনা কম।
স্থানীয় সংবাদমাধ্যম ইমারত আল ইয়াউম–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ১৯ মার্চ (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তের ওপরে অবস্থান করতে পারে। আবহাওয়া ও দৃশ্যমানতা অনুকূলে থাকলে তখন চাঁদ দেখার সম্ভাবনা থাকবে।
আল জারওয়ান আশা প্রকাশ করেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী এ বছর অধিকাংশ মুসলিম দেশ রমজান সমাপ্তি ও শাওয়াল মাস শুরুর বিষয়ে কাছাকাছি সিদ্ধান্তে পৌঁছাতে পারে।
তবে প্রতি বছরের মতো এবারও চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সংশ্লিষ্ট দেশের সরকারি চাঁদ দেখা কমিটি। ধর্মীয় নিয়ম অনুযায়ী চাঁদ দেখার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হবে।