আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বিএনপি আরও ২০ জন নেতার বহিষ্কার, স্থগিতাদেশ ও অব্যাহতি আদেশ প্রত্যাহার করেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক সংশোধনী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে বিভিন্ন জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকে বহিষ্কার, পদ স্থগিত ও অব্যাহতি দেওয়া হয়েছিল।
আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ১ জানুয়ারি রাজশাহী, কুমিল্লা, চাঁদপুর, বগুড়া, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, পিরোজপুর ও নাটোরসহ বিভিন্ন জেলার মোট ১২ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও সিলেট জেলার ৬ জন নেতার পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি নাটোর ও ফেনী জেলার ২ জন নেতার বিরুদ্ধে দেওয়া অব্যাহতি আদেশও প্রত্যাহার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, সংশ্লিষ্ট নেতারা ভবিষ্যতে দলের শৃঙ্খলা ও নীতিমালার প্রতি পূর্ণ আনুগত্য বজায় রাখবেন—এই অঙ্গীকারের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক শাস্তিমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।