দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ বুধবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা সেদিন সকাল সাড়ে ৯টা থেকে কার্যকর হয়েছে। নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরি প্রতি ১ লাখ ৭১ হাজার ১১১ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি কমবেশি হতে পারে।
এর আগে ১৭ ফেব্রুয়ারি স্বর্ণের দাম সমন্বয় করে ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত ৩০ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছে—এর মধ্যে ১৮ বার বেড়েছে এবং ১২ বার কমেছে। গত বছর মোট ৯৩ বার মূল্য সমন্বয় করা হয়েছিল।
অন্যদিকে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেট রুপা ভরি প্রতি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ১৭ বার সমন্বয় হয়েছে—যেখানে ১০ বার বেড়েছে এবং ৭ বার কমেছে। গত বছর রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার।