ঢাকা-৮ আসনে প্রাথমিক ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। এখন পর্যন্ত ঘোষিত তিনটি কেন্দ্রের ফলে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ পেয়েছেন ১ হাজার ২৪২ ভোট। অন্যদিকে শাপলা কপি প্রতীকের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ১ হাজার ২৪৯ ভোট। এতে তিনি ৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন এবং একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। দিনভর কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার মোট ৫১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে, যা নিবন্ধন প্রক্রিয়া চালুর পর সর্বোচ্চ। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন। এর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। নির্বাচনে ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। ৫৯টি স্থানে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে এবং ৩টি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।