সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে যে ২৫০ কোটি জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তবে গুগল জানিয়েছে, এটি সম্পূর্ণ ভুয়া খবর; তাদের জিমেইল ও ক্লাউড ডেটা অক্ষত আছে। তবে সত্যি হচ্ছে, হ্যাকাররা ব্যবহারকারীদের লক্ষ্য করে ফোন কলের মাধ্যমে প্রতারণার চেষ্টা বাড়াচ্ছে।
গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কখনোই ফোন করে ব্যবহারকারীর পাসওয়ার্ড রিসেট বা অ্যাকাউন্ট সমস্যা সমাধানের নির্দেশ দেয় না। কিন্তু প্রতারকরা অফিসিয়াল সাপোর্ট নম্বর +1 650-253-0000 নকল করে ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করছে। এই নম্বর থেকে ফোন এলে ধরে নিতে হবে, প্রতারকরা আপনার অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের চেষ্টা করছে।
প্রতারকরা নিজেদের গুগলের কর্মী হিসেবে পরিচয় দিয়ে দাবি করে, অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যক্রম ধরা পড়েছে এবং নিরাপত্তার জন্য পাসওয়ার্ড পরিবর্তন করতে বলে। রেডিটসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যবহারকারীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উচ্চারণে ফোন করে ধাপে ধাপে পাসওয়ার্ড পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ফোনে কোনো লিঙ্কে ক্লিক বা পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত নয়। সরাসরি গুগল অ্যাকাউন্টে লগইন করে Security → Review Security Activity চেক করা, নিয়মিত সিকিউরিটি চেকআপ করা, পুরোনো পাসওয়ার্ড পরিবর্তন করা এবং পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা নিরাপত্তা বাড়ায়। এছাড়া এসএমএসভিত্তিক দুই-স্তরের নিরাপত্তা বাদ দিয়ে অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করা, এবং সম্ভব হলে পাসকি সক্রিয় করা গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞরা বলছেন, দুর্বল পাসওয়ার্ড এখনও সবচেয়ে বড় ঝুঁকি। ফিশিং, ক্রেডেনশিয়াল স্টাফিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হ্যাকাররা সহজেই অ্যাকাউন্ট দখল করতে পারে। কিপার সিকিউরিটির শেন বার্নি বলেন, শক্তিশালী পাসওয়ার্ড, দুই স্তরের নিরাপত্তা এবং পাসকি ব্যবহার করলে ঝুঁকি পুরোপুরি দূর না হলেও হ্যাকারদের পক্ষে আক্রমণ চালানো অনেক কঠিন হয়ে যায়।